প্রতিবাদের মুখে মার্কিন কর্মকর্তার পাকিস্তান সফর স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i44946-প্রতিবাদের_মুখে_মার্কিন_কর্মকর্তার_পাকিস্তান_সফর_স্থগিত
আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন সরকারের ভারপ্রাপ্ত বিশেষ দূত অ্যালিস ওয়েলস তার পূর্বঘোষিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বিতর্কিত মন্তব্যের জের ধরে যখন দেশটিতে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন এ সফর স্থগিত করার ঘটনা ঘটল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে তবে সফর স্থগিত করার কারণ কেউ ব্যাখ্যা করে নি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ০৭:০৮ Asia/Dhaka
  • পাকিস্তানে মার্কিন বিরোধী বিক্ষোভ (গতকালের ছবি)
    পাকিস্তানে মার্কিন বিরোধী বিক্ষোভ (গতকালের ছবি)

আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন সরকারের ভারপ্রাপ্ত বিশেষ দূত অ্যালিস ওয়েলস তার পূর্বঘোষিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বিতর্কিত মন্তব্যের জের ধরে যখন দেশটিতে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন এ সফর স্থগিত করার ঘটনা ঘটল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে তবে সফর স্থগিত করার কারণ কেউ ব্যাখ্যা করে নি।

এর আগে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছিল- ওয়েলস ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা সফর করবেন। এসব দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল।

মার্কিন দূতাবাসের বিবৃতি অনুযায়ী- পাকিস্তান সরকার ওয়েলসের সফর স্থগিত রাখার জন্য অনুরোধ করেছে। অ্যালিস ওয়েলস মার্কিন সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ে তার নতুন নীতি ঘোষণা করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি ট্রাম্প এও বলেছেন যে, পাকিস্তান সন্ত্রাসীদেরকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। তার এ বক্তব্যের পর পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং গতকালও করাচি শহরে মার্কিন-বিরোধী প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা ও মার্কিন পতাকা পোড়ায়।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮