মার্কিন পুলিশকে যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন ট্রাম্প
যুদ্ধে ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহারের ক্ষেত্রে মার্কিন পুলিশ বাহিনীর উপর আরোপিত বাধা নিষেধ শিথিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ বলে এটি শিথিল করেন তিনি।
এতে, গ্রেনেড লাঞ্চার, উচ্চক্ষমতার অস্ত্র, সাঁজোয়া গাড়ির মতো যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করা এখন মার্কিন পুলিশের জন্য সহজ হবে। মার্কিন পুলিশকে সামরিকীকরণ করার পদক্ষেপ নিয়ে দেশটিতে ব্যাপক উদ্বেগ এবং সমালোচনার মুখে এ নির্বাহী আদেশ দেয়া হলো।
যুদ্ধে ব্যবহৃত অস্ত্র পুলিশের জন্য সংগ্রহ করার বিরুদ্ধে বাধা নিষেধ জারি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৪ সালে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেন উইলসনের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
মার্কিন পুলিশের বর্বরোচিত এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা আমেরিকায় তীব্র বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভকারীদের সামাল দেয়ার নামে পূর্ণ দাঙ্গা পোশাক পরিহিত পুলিশকে নামানো হয়। একই সঙ্গে স্নাইপার রাইফেল সজ্জিত পুলিশও মোতায়েন করা হয়েছিল।
সে সময়ে মার্কিন আইন বিভাগের এক পর্যালোচনায় বলা হয়েছিল, সাঁজোয়া গাড়ি, কাঁদানে গ্যাস এবং কুকুর মোতায়েনসহ নানা তৎপরতা গ্রহণ করায় উত্তেজনা আরো বেড়েছিল। এতে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।#