দ. চীন সাগরে যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের টহল বাড়াবে আমেরিকা
দক্ষিণ চীন সাগরে টহল বাড়ানোর পরিকল্পনা করেছে করেছে আমেরিকা। এ ধরণের টহল সামরিক সংঘাত শুরু করতে পারে বলে বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করেই এ পরিকল্পনা করা হয়।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আজ(শনিবার) আরো জানিয়েছে, মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড বা প্যাককম দেশটির নৌবাহিনীর টহলের কর্মসূচি তৈরি করছে। এ অনুযায়ী, দক্ষিণ চীন সাগরে আগামী কয়েক মাসে দুই বা তিন দফা টহল দেয়া হবে। দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ অংশের ওপর মালিকানা দাবি করছে বেইজিং।
কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এতে বলা হয়েছে, টহলে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমান অংশ নেবে। এ ধরণের টহল দেয়ার সময়ে যুদ্ধজাহাজের ওপর দিয়ে বিমান উড়বে বলেও খবরে জানান হয়।
অবশ্য কোথায় এবং কখন এ টহল দেয়া শুরু হবে সে কথা জানাতে অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের আওতায় এ রকম তিন দফা টহল দেয়া হয়েছে। সর্বশেষ টহল দেয়া হয় গত মাসে। আর এতে অংশ নিয়েছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন। টহল দেয়ার কয়েক দিন পরই সিঙ্গাপুরের কাছে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ইউএসএস জন এস ম্যাককেইনের ১০ নাবিক নিহত হন। এ ছাড়া, যুদ্ধজাহাজটিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২