সৌদি ও আমেরিকার কারণে রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার সংগঠনগুলো নীরব
https://parstoday.ir/bn/news/world-i45651-সৌদি_ও_আমেরিকার_কারণে_রোহিঙ্গা_ইস্যুতে_মানবাধিকার_সংগঠনগুলো_নীরব
ইসলামি মাজহাবগুলোর মধ্যে নৈকট্য সৃষ্টি বিষয়ক সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, অসহায় রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে মানবাধিকার বিষয়ক সংস্থা, ওআইসিসহ আন্তর্জাতিক সব সংস্থা ও শান্তিকামী সংগঠনগুলোর দায়-দায়িত্ব রয়েছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৬:৩৫ Asia/Dhaka
  • সৌদি ও আমেরিকার কারণে রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার সংগঠনগুলো নীরব

ইসলামি মাজহাবগুলোর মধ্যে নৈকট্য সৃষ্টি বিষয়ক সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, অসহায় রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে মানবাধিকার বিষয়ক সংস্থা, ওআইসিসহ আন্তর্জাতিক সব সংস্থা ও শান্তিকামী সংগঠনগুলোর দায়-দায়িত্ব রয়েছে।

আয়াতুল্লাহ মোহসেন আরাকি এক বিবৃতিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, দেশটির সরকার ও সেনাবাহিনীর ছত্রছায়ায় এবং আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে উগ্র বৌদ্ধরা যেভাবে মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে তা সকল বীভৎসতা ও কল্পনাকে ছাড়িয়ে গেছে। তিনি মিয়ানমারের অসহায় মুসলমানদের রক্ষায় এগিয়ে আসার জন্য বিশ্বের সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

 আয়াতুল্লাহ মোহসেন আরাকি

ইসলামি মাজহাবগুলোর মধ্যে নৈকট্য সৃষ্টি বিষয়ক সংস্থার মহাসচিব মিয়ানমারের সব নাগরিকের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশটির সরকার ও মুসলমানদের মধ্যে সংলাপ ও মধ্যস্থতা করার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন।

এদিকে, ইরানের সংসদ মজলিশে শূরায়ে ইসলামির মানবাধিকার সংক্রান্ত বিভাগ এক বিবৃতিতে মিয়ানমারে উগ্র বৌদ্ধ ও সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিম গণহত্যার নিন্দা জানিয়ে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর নীরবতার তীব্র সমালোচনা করেছে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, আমেরিকা ও সৌদি আরবের ডলারের কারণে রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার সংগঠনগুলো কোনো কথা বলছে না।#

পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/১১