মিয়ানমারের সেনাবাহিনীর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিন: এইচআরডাব্লিউ
-
মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে উদ্বাস্তু রোহিঙ্গা নারী-শিশু
মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত বর্বর নির্মূল অভিযান চালানোর জন্য দেশটির সামরিক বাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে সংস্থাটি।
নিউ ইয়র্কভিত্তিক এ সংস্থা আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে মিয়ানমারের সামরিক জেনারেলরা রক্তক্ষয়ী পৈশাচিক হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন অব্যাহত রেখেছেন। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সময় এসেছে তাদের এ বর্বরতার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যাতে তা উপেক্ষা করতে না পারেন। এক্ষেত্রে জাতিগত নির্মূল অভিযান বন্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞা এবং অবরোধ আরোপ করতে পারে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারের যেসব নিরাপত্তা কর্মকর্তা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি মিয়ানমারের ওপর বিরাজমান অস্ত্র নিষেধাজ্ঞা বাড়িয়ে সামরিক বাহিনীর সমস্ত শাখাকে এর আওতায় আনতে হবে। একইসঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত সব কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা দরকার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮