মার্কিন সমর্থিত গেরিলাদের ওপর হামলা চালাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i46295-মার্কিন_সমর্থিত_গেরিলাদের_ওপর_হামলা_চালাবে_রাশিয়া
সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের ওপর হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এসব গেরিলা যদি সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় তাহলে রুশ বিমান বাহিনী পাল্টা ব্যবস্থা নেবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka
  • রুশ হেলিকপ্টার থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা (ফাইল ফটো)
    রুশ হেলিকপ্টার থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা (ফাইল ফটো)

সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের ওপর হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এসব গেরিলা যদি সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় তাহলে রুশ বিমান বাহিনী পাল্টা ব্যবস্থা নেবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ আজ (বৃহস্পতিবার) বলেন, দেইর আয-যোর প্রদেশে সিরিয়ার সেনাদের ওপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা দুই দফায় মর্টার ও রকেট হামলা চালিয়েছে। কাতারে মার্কিন কমান্ডের একজন প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে এবং এর পুনরাবৃত্তি হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। কোনাশেংকভ পরিষ্কার ভাষায় বলেছেন, এমন ঘটনা ঘটলে দ্রুতই সব ধরনের অস্ত্র দিয়ে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

দেইর আয-যোরে সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে ব্যাপক সফলতা পেয়েছে এবং সে সুযোগ নিয়ে কুর্দি গেরিলারা এগিয়ে গেছে। সরকারি বাহিনী ও কুর্দি গেরিলারা মূলত পরস্পরের প্রতিদ্বন্দ্বী এবং আশংকা করা হচ্ছে- ওই এলাকায় কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয় বাহিনীর বড় রকমের সংঘর্ষ হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/ ২১