স্পর্শকাতর পরমাণু তথ্য ফাঁস করার অধিকার নেই: আইএইএ প্রধান
-
আইএইএ প্রধান ইউকিয়া আমানো
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানোর নেতৃত্বাধীন এ সংস্থাটি ইরানের প্রতি নরম আচরণ করছে বলে যে অভিযোগ উঠেছে আমানো নিজেই তা নাকচ করে দিয়েছেন।
গতকাল (শুক্রবার) দি লস অ্যাঞ্জেলেস টাইমসের পক্ষ থেকে আইএইএ প্রধানের কাছে জানতে চাওয়া হয়- ইরানের বিষয়ে তার সংস্থা অতি নরম আচরণ করছে বলে সমালোচকরা যে দাবি করছেন তার যৌক্তিকতা আছে কিনা। জবাবে তিনি এ দাবি উড়িয়ে দেন।
আমানো বলেন, "যারা অভিযোগ করছেন, ইরান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। আমি বলব তাদের কাছে জার্মানি, জাপান এমনকি কেনিয়া বিষয়েও কোনো তথ্য নেই।" তিনি বলেন, "আইএইএ একজন ডাক্তারের মতো। ডাক্তারের কাছে মানুষ এই বোঝাপড়া নিয়েই আসেন যে, তিনি তাদের স্পর্শকাতর তথ্যগুলো বাইরে প্রকাশ করবেন না।"
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যেসব ধারা রয়েছে তেহরান সেগুলো পুরোপুরি মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের দায়িত্বে আছে আইএইএ। সংস্থাটি বারবার বলে আসছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।
শুক্রবারের সাক্ষাৎকারে আমানো জোর দিয়ে বলেন, আইএইএ সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "আমাদের কাজ হচ্ছে পরমাণু সম্পর্কিত বিষয় এবং স্থাপনাগুলো বিশ্লেষণ করে সে সম্পর্কে সঠিক তথ্যগুলো সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা। অন্য কারো মন্তব্য কিংবা সমালোচনা বিশ্লেষণ করা আইএইএ'র দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।" #
পার্সটুডে/বাবুল আখতার/৭