আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানি কূটনীতিক নিহত
-
জালালাবাদ শহরের একটি সড়কে আফগান নিরাপত্তা বাহিনীর টহল (ফাইল ছবি)
আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একজন পাকিস্তানি কূটনীতিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর নাইয়ার ইকবাল রানা নামের ওই কূটনীতিক মসজিদে নামাজ আদায় করে নিজ বাসভবনে ফেরার পথে হামলার শিকার হন।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, মোটরসাইল আরোহী দুই বন্দুকধারী ব্যক্তি পাকিস্তানি কূটনীতিককে গুলি করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বা কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি।
পাকিস্তানের শিয়ালকোটের অধিবাসী নাইয়ার ইকবাল রানা জালালাবাদের পাকিস্তানি কনস্যুলেটের ভিসা সেকশনে কাজ করতেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি আফগানিস্তানে অবস্থানরত সব পাকিস্তানি কূটনীতিক ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭