১১ আরোহীসহ মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/world-i48723-১১_আরোহীসহ_মার্কিন_নৌবাহিনীর_বিমান_বিধ্বস্ত
ফিলিপাইন সাগরে ১১ জন আরোহীসহ মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্স্ত হয়েছে। আজ (বুধবার) এক বিবৃতির মাধ্যমে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • সি-২ গ্রেহাউন্ড বিমান
    সি-২ গ্রেহাউন্ড বিমান

ফিলিপাইন সাগরে ১১ জন আরোহীসহ মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্স্ত হয়েছে। আজ (বুধবার) এক বিবৃতির মাধ্যমে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সাগরের ওপর নৌবাহিনীর বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে ১১ জন আরোহী ছিল। বর্তমানে ফিলিপাইন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান অবস্থান করছে এবং বিমানটি সেদিকে যাচ্ছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় পড়া লোকজনকে উদ্ধারের জন্য অভিযান চলছে এবং রোনাল্ড রিগ্যান জাহাজের ডাক্তাররা তাদের স্বাস্থ্যগত অবস্থা যাচাই করবেন। বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায় নি। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মার্কিন সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে।

বিমানে যেসব আরোহী ছিল তাদের কারো নাম পরিচয় প্রকাশ করে নি মার্কিন সামরিক বাহিনী। দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল সি-২ গ্রেহাউন্ড মডেলের বিমান এবং এটি দীর্ঘ পাঁচ দশক ধরে মার্কিন বাহিনীতে মোতায়েন রয়েছে।

পূর্ব এশিয়ায় আজকের দুর্ঘটনার আগে গত আগস্ট মাসে সিঙ্গাপুরের উপকূলে এক দুর্ঘটনায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন ম্যাককেইনের ১০ সেনা নিহত হয়েছিল। তার দুই মাস আগে জাপান উপকূলে অন্য এক দুর্ঘটনায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের সাত সেনা নিহত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২