'রুশ গোয়েন্দার ওপর হামলার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে'
https://parstoday.ir/bn/news/world-i54353-'রুশ_গোয়েন্দার_ওপর_হামলার_জন্য_রাশিয়াকে_জবাবদিহি_করতে_হবে'
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার জন্য রাশিয়াকে এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৩, ২০১৮ ১৪:৪৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার জন্য রাশিয়াকে এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।

গতকাল (সোমবার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনালাপে টিলারসন বলেন যে লন্ডনের সঙ্গে ওয়াশিংটন একমত যে সম্প্রতি ব্রিটেনের সালিসবারি শহরে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার শরীরে বিষ প্রয়োগ করে তাদের হত্যা করার চেষ্টায় মস্কো জড়িত।

টিলারসন বলেন, "গত সপ্তাহে সালিসবারি শহরে সংঘটিত নার্ভ গ্যাস হামলায় রাশিয়ার জড়িত থাকার বিষয়ে ব্রিটেনের পক্ষ থেকে তদন্ত চালিয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।" তিনি বলেন, "একটি স্বাধীন দেশের মাটিতে একজন মুক্ত নাগরিকের ওপর হামলার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। রাশিয়ার মাধ্যমে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ এবং মর্মাহত। এ বিষয়ে আরো অধিকতর তদন্ত চালানো যেতে পারে বলেও মন্তব্য করেন টিলারসন।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এও বলেন,  হামলার 'অনন্য বৈশিষ্ট্য' দেখে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এটি নিশ্চিতভাবেই রাশিয়ার মাধ্যমেই সংঘটিত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩