চীন-রাশিয়ার হাইপারসনিক অস্ত্র ঠেকাতে অক্ষম আমেরিকা: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন স্বীকার করেছেন যে আমেরিকা রাশিয়া ও চীনের আধুনিক হাইপারসনিক অস্ত্রগুলোর মোকাবেলা করতে অক্ষম।
আমেরিকার কৌশলগত সেনা-কমান্ডের প্রধান জন ই হাইটেন নামের ওই কর্মকর্তা মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সভায় এ তথ্য দিয়েছেন।
ব্রিটেনের দৈনিক এক্সপ্রেস পত্রিকা এই খবর দিয়ে জানিয়েছে, হাইটেন সিনেটের ওই কমিটিতে বলেছেন, রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে এবং মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষা নীরব দর্শক হয়ে দেখছে!
হাইটেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এইসব হাইপারসনিক অস্ত্রের মোকাবেলায় পেন্টাগনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।
এর আগে মার্কিন বিমান বাহিনীর প্রধান তার দেশের জন্য রাশিয়াকে অন্যতম প্রধান হুমকি হিসেবে অভিহিত করে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত খুব দ্রুত প্রতিরক্ষা শক্তিকে হালনাগাদ করা। #
পার্সটুডে/এমএএইচ/২৪