কাশ্মিরকে চুপ করাতে পারবে না ভারত: পাক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i55208-কাশ্মিরকে_চুপ_করাতে_পারবে_না_ভারত_পাক_প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, গোলযোগপূর্ণ কাশ্মিরকে চুপ করাতে পারবে না ভারত। পাশাপাশি তিনি কাশ্মিরে সাম্প্রতিক সহিংসতায় জনজীবনের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভারতীয় বর্বরতার নিন্দা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৮ ১২:০৩ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি
    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, গোলযোগপূর্ণ কাশ্মিরকে চুপ করাতে পারবে না ভারত। পাশাপাশি তিনি কাশ্মিরে সাম্প্রতিক সহিংসতায় জনজীবনের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভারতীয় বর্বরতার নিন্দা জানান।

আব্বাসি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যে সংগ্রাম চলছে তাকে কোনোভাবেই সন্ত্রাসবাদ বলা যাবে না। ভারত কাশ্মিরের মুখ বন্ধ করে দিতে পারবে না। একইসঙ্গে তিনি জাতিসংঘ মহাসচিবকে কাশ্মির বিষয়ক একজন দূত নিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে জাতিসংঘ তদন্ত দলকে প্রবেশ করার অনুমতি দেয়া উচিত।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ এক টুইটার বার্তায় বলেছেন, “রক্তে ভেসে গেছে কাশ্মির, ছেলেরা খুন হচ্ছে আর কাশ্মিরিরা মৃতদেহ গুনছে এবং যুবকেরা কফিন বহন করছে।”

খাজা আসিফ তার ভাষায় আরো বলেন, ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ কাশ্মিরি তরুণদের নিঃশেষ করে দেয়ার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কাশ্মিরে ভারতীয় হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিবেকের জন্য কলংক-স্বরূপ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২