ফ্রান্সে পুলিশি হামলায় ইরানের ২ গণমাধ্যম কর্মী আহত; নিন্দা জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/world-i56680-ফ্রান্সে_পুলিশি_হামলায়_ইরানের_২_গণমাধ্যম_কর্মী_আহত_নিন্দা_জানাল_তেহরান
ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশি হামলায় দুই ইরানি গণমাধ্যম কর্মী মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তেহরান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০৩, ২০১৮ ০৫:৫৯ Asia/Dhaka
  • প্যারিসে মে দিবসের সংঘর্ষ
    প্যারিসে মে দিবসের সংঘর্ষ

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশি হামলায় দুই ইরানি গণমাধ্যম কর্মী মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ফরাসি পুলিশের উচিত পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র একজন প্রতিনিধি এবং একজন ক্যামেরাম্যান মঙ্গলবার প্যারিসে সরকার বিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন। প্যারিসে নিযুক্ত আইআরআইবি’র প্রতিনিধি শাহসাভার হোসেইনি পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

এ ছাড়া, আইআরআইবি’র ক্যামরাম্যান রাহিম তৌহিদিয়ানের মাথায় পুলিশের নিক্ষিপ্ত রাবার বুলেট আঘাত হানে। মাথায় মারাত্মক আঘাত লাগায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানি গণমাধ্যম কর্মীদের আহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্স সরকার ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার প্যারিসে মে দিবসের শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি কিছু লোক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে মারে এবং ঘরবাড়ি ও দোকানপাটের জানালার কাচ ভাঙচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩