শান্তি রক্ষায় পাশ্চাত্যের আরো ইতিবাচক ভূমিকা জরুরি: নাসের খান জানজুয়া
https://parstoday.ir/bn/news/world-i57282-শান্তি_রক্ষায়_পাশ্চাত্যের_আরো_ইতিবাচক_ভূমিকা_জরুরি_নাসের_খান_জানজুয়া
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসের খান জানজুয়া বলেছেন, আঞ্চলিক শান্তি রক্ষায় পাশ্চাত্যের দেশগুলোর আরো ইতিবাচক ভূমিকা পালন করা উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৮ ০৮:৩৬ Asia/Dhaka
  • জেনারেল নাসের খান জানজুয়া
    জেনারেল নাসের খান জানজুয়া

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসের খান জানজুয়া বলেছেন, আঞ্চলিক শান্তি রক্ষায় পাশ্চাত্যের দেশগুলোর আরো ইতিবাচক ভূমিকা পালন করা উচিত।

গতকাল (রোববার) রাজধানী ইসলামাবাদে ‘গণমাধ্যমের সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক’ এক সম্মেলনে দেয়া বক্তৃতায় জেনারেল জানজুয়া একথা বলেন। তিনি বলেন, “আফগানিস্তান হচ্ছে ব্যথার কাহিনী; এটা হচ্ছে হতাহতের গল্প। এটা সারা বিশ্ব এবং এ অঞ্চলের জন্য ক্ষত এবং যত দ্রুত সম্ভব তা সারিয়ে তুলতে হবে।” তিনি বলেন, আফগান যুদ্ধ জয়ের জন্য সব রকমের বিনিয়োগ হয়েছে কিন্তু দুঃখজনকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ হয় নি।”   

জেনারেল জানজুয়া বলেন, ১৯৭৯ সালে সোভিয়েত দখলদারিত্বের সময় আফগানিস্তান ও পাকিস্তান -দুদেশের জনগণই ভোগান্তির শিকার হয়েছে। এখন শুধু শান্তি প্রতিষ্ঠার দিকে নজর দেয়া উচিত।

পাক নিরাপত্তা উপদেষ্টা বলেন, ২০০১ সালে নাইন ইলেভেনের পর পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিল; যারা ওই অপরাধ করেছে তাদের পাশে নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে- আমেরিকাসহ সবাই দোষারোপ করছে যে, আমরা সন্ত্রাসীদের সমর্থন করছি। তিনি বলেন, “তালেবানও দোষ দিচ্ছে- আমরা আমেরিকাকে সমর্থন করছি। দু পক্ষই আমাদেরকে দোষারোপ করছে। তাহলে কোন পক্ষ সঠিক?” জেনারেল জানজুয়া বলেন, চলমান যুদ্ধে পাকিস্তানের ৬০ হাজার মানুষ মারা গেছে এবং কয়েকশ কোটি ডলার খরচ হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪