আফগান তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতি; স্বাগত জানাল ইরান
আফগান সরকারের শর্তহীন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (শুক্রবার) কাবুলে ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আফগান সরকারের এ পদক্ষেপ গঠনমূলক এবং দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তালেবান গোষ্ঠীও এই যুদ্ধবিরতি মেনে চলবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
গতকাল (বৃহস্পতিবার) শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই যুদ্ধবিরতির আওতাভূক্ত নয়।
ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আফগান প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। এর আগে তিনি একবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেবার কয়েকটি শর্ত আরোপ করেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটারে আশরাফ গনি বলেছেন, এই যুদ্ধবিরতি তালেবানের জন্য একটি সুযোগ। যাতে তারা বুঝতে পারে, নৃশংসতার মাধ্যমে মানুষের হৃদয় ও মন জয় করা যায় না। যদিও তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে বলে এক বিবৃতিতে ঘোষণা করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮