ভিক্ষা কিংবা ধার করুন, সাংবাদিকদের বেতন দিন: পাক প্রধান বিচারপতি
-
পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার
পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার দেশটির গণমাধ্যম মালিকদেরকে বলেছেন, “ভিক্ষা করুন আর ধার করুন, যাই করুন না কেন সাংবাদিকদেরকে তাদের বেতন দিন।”
পাক সাংবাদিকদের বেতন না দেয়ার বিষয়ে একটি রিটের শুনানির সময় বিচারপতি সাকিব নিসার এ নির্দেশনা দেন। সাংবাদিকদের বেতন না দেয়ার অভিযোগের কারণে তিনি দেশটির গণমাধ্যম মালিকদেরকে আদালতে তলবও করেন।
সুপ্রিম কোর্টের লাহোর রেজিস্ট্রিতে দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে আজকের (রোববার) শুনানি অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের ‘লে অফ’ দেয়ার নির্দেশনা স্থগিত করেন।
সাংবাদিকদের বেতন দেয়ার বিষয়ে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি গণমাধ্যম মালিকদেরকে ব্যক্তিগতভাবে আাদলতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ আসিফ বাট আদালতে হাজির হয়ে জানান, যেসব সাংবাদিক তাদের বকেয়া বেতন দেয়ার দাবি জানাচ্ছেন তাদেরকে গণমাধ্যম অফিসগুলো লে অফ দিচ্ছে।
বিচারপতি সাকিব নিসার নির্দেশ দেন যে, কোনো সাংবাদিককে লে অফ দেয়া যাবে না এবং আদালতের এ নিদের্শনা মানতে যেসব হাউজ ব্যর্থ হবে তাদেরকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তিনি বলেন, “ভিক্ষা করুন আর ধার করুন, সাংবাদিকদের বেতন দিন।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০