কোয়ার্টার ফাইনালের টিকেট কাটল রাশিয়া, টাইব্রেকারে স্বপ্নভঙ্গ স্পেনের
https://parstoday.ir/bn/news/world-i59751-কোয়ার্টার_ফাইনালের_টিকেট_কাটল_রাশিয়া_টাইব্রেকারে_স্বপ্নভঙ্গ_স্পেনের
স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়ে নকআউট থেকে ছিটকে পড়ল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। এই জয়ের সুবাদে রাশিয়া উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে ফ্রান্স ও উরুগুয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ০২, ২০১৮ ০২:৫৯ Asia/Dhaka
  • কোয়ার্টার ফাইনালের টিকেট কাটল রাশিয়া, টাইব্রেকারে স্বপ্নভঙ্গ স্পেনের

স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়ে নকআউট থেকে ছিটকে পড়ল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। এই জয়ের সুবাদে রাশিয়া উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে ফ্রান্স ও উরুগুয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।

আজ (রোববার) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে  অনুষ্ঠিত এই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের নির্ধারিত সময় ছিল ১-১ গোলের সমতা। তাই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা।

অবশ্য ম্যাচের প্রথমে এগিয়ে যায় স্পেন। ১১ মিনিটে আত্মঘাতী গোলে সাফল্য পায় সাবেক চ্যাম্পিয়নরা। স্পেন মিডফিল্ডার মার্কো আসেনসিওর ফ্রি-কিক থেকে রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বল।

৪১ মিনিটে খেলার সমতায় চলে আসে রাশিয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে খেলায় ফেরান ফরোয়ার্ড আরটেম দিজিউবা। বক্সের মধ্যে একটি বল স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকের হাতে লাগলে রেফারির পেনাল্টির নির্দেশ দেন।

ম্যাচে এগিয়ে যেতে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ গড়ে স্পেন। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৮৫ মিনিটে একটি দারুণ সুযোগ হাতছাড়া করে তারা। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার চমৎকার শট রুখে দেন রাশিয়া গোলরক্ষক।

নির্ধারিত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল করার বেশ কিছু সুযোগ পায় স্পেন। ১০৮ মিনিটে বদলি খেলোয়াড় রদ্রিগোর শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আকিনফেভ।  

অতিরিক্তি সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন স্পেনের ইনিয়েস্তা। গোল করেন তিনি ১-০। রাশিয়ার ফেদর সমোলভ নেন প্রথম শট। এটাও গোল ১-১। পরের শট নিতে আসেন স্পেনের জেরার্ড পিকে। এটাও গোল ২-১। রাশিয়ার হয়ে দ্বিতীয় শট নেন সার্জেই ইগনাশেভিক। এটাও গোল ২-২।

ম্যান অব দ্যা ম্যাচ রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফিভ

স্পেনের হয়ে তৃতীয় শট নিতে আসেন কোকে। বাম পাশে ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দেন আকিনফিভ ২-২। রাশিয়ার হয়ে তৃতীয় শট নেন আলেকজান্ডার গলোভিন ২-৩। এটাও গোল। স্পেনের হয়ে চতুর্থ শট নেন সার্জিও রামোস। গোল ৩-৩। রাশিয়ার হয়ে চতুর্থ শট নেন ডেনিস চেরিশেভ। গোল ৩-৪। স্পেনের হয়ে পঞ্চম শট নিতে আসেন ইয়াগো আসপাস। এই শটটি ঠেকাতে ঝাঁপিয়ে পড়লেও পেছনের পা দিয়ে ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ। আর এতেই ৪-৩ ব্যবধানে জিতে স্পেনকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্বাগতিক রাশিয়া।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১