শান্তির প্রতি হুমকি সৃষ্টিকারী তৎপরতা থেকে বিরত থাকুন: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i59930-শান্তির_প্রতি_হুমকি_সৃষ্টিকারী_তৎপরতা_থেকে_বিরত_থাকুন_আমেরিকাকে_চীন
চীন বলেছে, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করে এমন তৎপরতা থেকে আমেরিকার বিরত থাকা উচিত। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন নৌ বাহিনীর দুই যুদ্ধজাহাজ অতিক্রম করাকে কেন্দ্র করে এ আহ্বান জানান হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ১২:৩২ Asia/Dhaka
  • পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন এক যুদ্ধজাহাজ
    পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন এক যুদ্ধজাহাজ

চীন বলেছে, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করে এমন তৎপরতা থেকে আমেরিকার বিরত থাকা উচিত। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন নৌ বাহিনীর দুই যুদ্ধজাহাজ অতিক্রম করাকে কেন্দ্র করে এ আহ্বান জানান হলো।

রোববার মার্কিন দুই ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, আন্তর্জাতিক পানিসীমার মধ্য দিয়ে গৎবাঁধা যাতায়াত করা হয়েছে। গত প্রায় এক বছরের মধ্যে এই প্রথম তাইওয়ান প্রণালী অতিক্রম করল মার্কিন যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের তৎপরতাকে কেন্দ্র করে যখন আমেরিকা ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী বাণিজ্য যুদ্ধের আশংকা সৃষ্টি হয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এ ঘটনা ঘটল।

এ দিকে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধির ওপর নজর রেখেছে চীন এবং এ বিষয়ে বেইজিংয়ের উদ্বেগের বিষয়টি এরই মধ্যে আমেরিকাকে অবহিত করা হয়েছে।

তাইওয়ান ইস্যুটি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এক চীন নীতি মেনে চলার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয় এমন যে কোনো তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/৯