এস-৪০০’র পরীক্ষা চালাবে চীন: সূত্র
https://parstoday.ir/bn/news/world-i60389-এস_৪০০’র_পরীক্ষা_চালাবে_চীন_সূত্র
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র চালান পেয়েছে চীন এবং আগামী কয়েক দিনের মধ্যে এর পরীক্ষা চালাবে দেশটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৮ ১২:১৫ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র চালান পেয়েছে চীন এবং আগামী কয়েক দিনের মধ্যে এর পরীক্ষা চালাবে দেশটি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সামরিক ও কূটনৈতিক সূত্র রাশিয়ার বার্তা সংস্থা তাসকে বলেছে, চলতি জুলাই মাসের শেষ দিক কিংবা আগস্ট মাসের প্রথমে এ পরীক্ষা চালাতে পারে চীন। এজন্য চীনা গণবাহিনীর একটি ইউনিট রাশিয়ায় প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছে।   

এস-৪০০ হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা ৪০২ কিলোমিটারের মধ্যকার শত্রুর বিমান, ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনকে চিহ্নিত করে তা ধ্বংস করতে সক্ষম। নতুন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানকেও ভূপাতিত করতে পারে।   

চীন হচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম আন্তর্জাতিক ক্রেতা। ২০১৫ সালে দেশটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করে এবং গত এপ্রিল মাসে এর প্রথম চালান পায়।

সূত্র বলেছে, যদিও শিগগিরি চীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাবে তবে কবে নাগাদ সামরিক বাহিনীতে এ ব্যবস্থা যুক্ত করা হবে তা নিশ্চিত নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮