‘নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i63851-নিরাপত্তার_জন্য_আমেরিকার_ওপর_নির্ভরশীলতা_বন্ধ_করতে_হবে’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভরশীলতা বন্ধ করার জন্য ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইইউ’র নিরাপত্তা শক্তিশালী করার জন্য শিগগিরই একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরবেন বলেও ঘোষণা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ০৫:৫৯ Asia/Dhaka
  • ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ম্যাকরন
    ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভরশীলতা বন্ধ করার জন্য ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইইউ’র নিরাপত্তা শক্তিশালী করার জন্য শিগগিরই একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরবেন বলেও ঘোষণা করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ম্যাকরন এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইউরোপের নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করা উচিত নয়। আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব আমাদেরকেই নিশ্চিত করতে হবে।”

‘আগামী কয়েক মাসের মধ্যে’ তিনি নিরাপত্তা প্রস্তাবনা তুলে ধরবেন বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়াসহ সব ইউরোপীয় দেশকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। তবে তার সম্ভাব্য প্রস্তাবনা সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ম্যাকরন

ইমানুয়েল ম্যাকরন বলেন, অর্থনীতিকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণের দেশগুলোর মধ্যে বৈষম্য, প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে অভিবাসী সমস্যা নিয়ে মতপার্থক্য প্রায়ই ইউরোপীয় ইউনিয়নে ভাঙন সৃষ্টি করে। তিনি বিশ্বায়নের ফলে সৃষ্ট পরিবর্তনকে ‘মানবতাবাদী’ মনোভাব নিয়ে মোকাবিলা করার আহ্বান জানান।

২০১৭ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ৪০ বছর বয়সি ম্যাকরন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সংহতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে আসছেন। তিনি ইউরোপীয় দেশগুলোর জন্য অভিন্ন প্রতিরক্ষা বাজেট এবং অভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানিয়ে আসছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮