সৌদি সাংবাদিক নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i64894-সৌদি_সাংবাদিক_নিখোঁজের_ঘটনায়_উদ্বিগ্ন_ট্রাম্প
তুরস্কে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে কোনো শক্ত মন্তব্য করেন নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ১০:০৯ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তুরস্কে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে কোনো শক্ত মন্তব্য করেন নি।

ট্রাম্প গতকাল (সোমবার) হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, “আমি এ ঘটনায় উদ্বিগ্ন। আমি এ ধরনের কথা শুনতে পছন্দ করি না। আশা করি এর সত্যতা বের হয়ে আসবে। এ মুহূর্তে কেউই বিষয়টি নিয়ে কিছু জানে না।”

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল তার টুইটার পেইজে লিখেছেন, আরবীয় সাংবাদিক জামাল খাশোগির ঘটনা শুনে তিনি খুবই বিব্রত হয়েছেন। তিনি আরো বলেছেন, “যদি ঘটনাটি সত্যি হয় তাহলে এটা খুবই একটা ‘করুণ দিন’। সারা বিশ্বে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হলো বাকস্বাধীনতা ও মানবাধিকারের জন্য হুমকি। মুক্ত বিশ্ব এর জবাব পাওয়ার অধিকার রাখে।”

 জামাল খাশোগির সৌদি কন্স্যুলেটে ঢোকার মুহূর্ত (সিসিসি ক্যামেরার ছবি)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সরকারকে সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তিনি স্বচ্ছ ফলাফল প্রকাশের আশা করেছেন।

গত মঙ্গলবার খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেটে যান এবং এরপর তিনি আর ফিরে আসেন নি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন উপদেষ্টা রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, সাংবাদিক খাশোগিকে হয়ত কন্স্যুলেটের ভেতরে হত্যা করা হয়ে থাকতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৯