ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: ভারতকে বাইরে রাখছেন ট্রাম্প
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহান (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখতে পারবে ভারত। দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তারা বলেছেন, ভারতকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে সম্মত হয়েছে আমেরিকা।
ভারতীয় কর্মকর্তারা জানান, নয়াদিল্লিকে অব্যাহতি দেয়ায় দেশটির কোম্পানিগুলো ইরান থেকে প্রতি মাসে সাড়ে ১২ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। তবে একটি সূত্রের বরাত দিয়ে দিল্লি থেকে প্রকাশিত ইকনোমিক টাইমস জানিয়েছে, ইরান থেকে মোট তেল আমদানির প্রায় এক-তৃতীয়াংশ কমাতে হচ্ছে ভারতকে। তেল বিক্রির অর্থ পরিশোধের উপায় নিয়ে দু পক্ষ আলোচনা করছে।
ট্রাম্প প্রশাসন আগামী ৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। এ নিষেধাজ্ঞার আওতায় সারা বিশ্বে ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছে আমেরিকা। এর বিপরীতে ইরান বলছে, আমেরিকা তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না কারণ আন্তর্জাতিক ক্রেতারা চাপ সামাল দিতে পারবে না। এরইমধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান ইরানি তেল কেনা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১