পরমাণু চুক্তি বাঁচাতে জাতিসংঘে প্রস্তাব তুলল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i66626-পরমাণু_চুক্তি_বাঁচাতে_জাতিসংঘে_প্রস্তাব_তুলল_রাশিয়া
১৯৮৬ সালে আমেরিকার সঙ্গে সই হওয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি রক্ষার লক্ষ্য নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের খসড়া জমা দিয়েছে রাশিয়া। গত ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৪:৪৬ Asia/Dhaka
  • জাতিসংঘ সদরদপ্তর
    জাতিসংঘ সদরদপ্তর

১৯৮৬ সালে আমেরিকার সঙ্গে সই হওয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি রক্ষার লক্ষ্য নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের খসড়া জমা দিয়েছে রাশিয়া। গত ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

খসড়া প্রস্তাব জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের মুখপাত্র ফয়োদর স্ট্রঝিঝোভস্কি। তিনি এক বিবৃতিতে বলেন, “একতরফাভাবে আমেরিকা এ চুক্তি বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে চুক্তি রক্ষার লক্ষ্য নিয়ে রাশিয়া ফেডারেশন জাতিসংঘ সাধারণ পরিষদে গত ১৪ ডিসেম্বর একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এতে বলা হয়েছে, চুক্তির কাঠামোর ভেতরে থেকে সব পক্ষকে তাদের দায়িত্ব পালন করতে হবে।”

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প

রুশ কূটনীতিক আরো বলেন, রাশিয়া ফেডারেশন আইএনএফ চুক্তি রক্ষার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এ চুক্তি বাতিল করলে গণবিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে আন্তর্জাতিক পন্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

১৯৮৬ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে আইএনএফ চুক্তিটি সই হয়। চুক্তির আওতায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৩১০ মাইল হতে ৩,৪২০ মাইল পাল্লার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ও প্রচলিত ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন