ইরান-বিরোধী সম্মেলনে যোগ দেবে না রাশিয়া; কড়া সমালোচনা
https://parstoday.ir/bn/news/world-i67558-ইরান_বিরোধী_সম্মেলনে_যোগ_দেবে_না_রাশিয়া_কড়া_সমালোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে রাশিয়া যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে মস্কো বলেছে, কথিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সম্মেলন উসকানিমূলক এবং এ অঞ্চলের সত্যিকারের সমস্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:০০ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে রাশিয়া যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে মস্কো বলেছে, কথিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সম্মেলন উসকানিমূলক এবং এ অঞ্চলের সত্যিকারের সমস্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।

গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা তার নিজের ভূ-রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য ইরান-বিরোধী এ সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, “আয়োজকরা যে এজেন্ডা ও কর্মসূচি তথ্য দিয়েছে তা পুরোপুরি বিশ্লেষণ করে রাশিয়া সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পোল্যান্ড সম্মেলনের ঘোষণা দেন

রুশ মন্ত্রণালয় বলেছে, ওয়ারশ সম্মেলন মধ্যপ্রাচ্যের মূল সমস্যা বিশেষ করে আরব-ইসরাইল সংঘাত ও ফিলিস্তিন ইস্যু নিয়ে কিছু করবে না। রাশিয়া বলছে, রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে তড়িঘড়ি করে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে কিন্তু আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ২০১৫ সালের ইরানের পরমাণু সমঝোতা দূর্বল করার জন্য আমেরিকা এ সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে বলেও মস্কো মন্তব্য করেছে।#  

পার্সটুডে/এসআইবি/২৩