ইয়েমেন যুদ্ধে ট্রাম্পের সমর্থনের অবসান চায় মার্কিন কংগ্রেস
-
মার্কিন সমর্থিত সৌদি আগ্রাসেন বিধ্বস্ত ইয়েমেন
দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন অবসান ঘটানোর জন্য কাজ করছে কংগ্রেস।
এ সম্পর্কে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স গতকাল (বুধবার) ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে বলেন, “যখন ইয়েমেনবাসী ‘মেইড ইন আমেরিকা’ লেখা বোমা দেখেন যা তাদেরকে হত্যা করছে, তখন তারা ধরেই নেন এ যুদ্ধের জন্য আমেরিকা দায়ী।”
মার্কিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট- দুই দলের আইন প্রণেতারাই ইয়েমেন যুদ্ধে আমেরিকার সম্পৃক্ততার অবসান চাইছেন। এ নিয়ে মার্কিন সিনেটে গত ডিসেম্বর মাসে ৫৬-৪১ ভোটে একটি প্রস্তাব পাসও হয়েছে। তবে এ প্রস্তাব কার্যকর করতে হলে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এ চাপ এড়ানোর জন্য প্রস্তাবের ওপর ভেটো দিতে পারেন।
সৌদি রাজপরিবারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে কারণে তিনি সৌদি আরবের বিরুদ্ধে কোনো বিষয়ে অবস্থান নিতে পারছেন না বলে অভিযোগ করে আসছে ডেমোক্র্যাট দল।#
পার্সটুডে/এসআইবি/৩১