এস-৪০০’র পরিবর্তে প্যাট্রিয়ট কিনবে তুরস্ক: পেন্টাগনের আশাবাদ
https://parstoday.ir/bn/news/world-i69320-এস_৪০০’র_পরিবর্তে_প্যাট্রিয়ট_কিনবে_তুরস্ক_পেন্টাগনের_আশাবাদ
তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’র পরিবর্তে আমেরিকার কাছ থেকে ‘প্যাট্রিয়ট’ ব্যবস্থা কিনবে বলে আশা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, তিনি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করবে তুরস্ক।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
এপ্রিল ০৩, ২০১৯ ১৭:০০ Asia/Dhaka
  • আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
    আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’র পরিবর্তে আমেরিকার কাছ থেকে ‘প্যাট্রিয়ট’ ব্যবস্থা কিনবে বলে আশা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, তিনি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করবে তুরস্ক।

শানাহান এক সংবাদ সম্মেলনে আরো বলেন, তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলেছেন এবং তাকে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি তার তুর্কি সমকক্ষকে একথা বোঝাতে সক্ষম হয়েছেন যে, দাম ও সহজলভ্যতাসহ সবদিক দিয়ে প্যাট্রিয়ট রাশিয়ার এস-৪০০’র চেয়ে ভালো।

এর আগে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছিল, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার জের ধরে তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন।

এদিকে তুরস্ক একাধিকবার বলেছে, মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসবে না আঙ্কারা। মস্কো থেকে পাওয়া খবরে জানা গেছে, তুরস্কের জন্য এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ আগামী মাসে শেষ হবে এবং জুলাই মাসে মস্কো তা আঙ্কারার কাছে হস্তান্তর করবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩