ইসরাইলের সঙ্গে সম্পর্ক কমাল দক্ষিণ আফ্রিকা
-
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইসরাইলিবিরোধী প্রতিবাদে অংশ নেন ছাত্ররা
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরাইলের রাজধানী তেল আবিবে এখন কোনো কূটনৈতিক মিশন না রেখে দক্ষিণ আফিক্রা শুধু লিয়াজোঁ অফিস রাখবে এবং নতুন কোনো রাষ্ট্রদূত পাঠাবে না।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিন্ডিউয়ি সিসুলু সম্প্রতি জোহানেসবার্গে সাউথ আফ্রিকান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক বক্তৃতায় বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে প্রথম ধাপের কাজ শেষ। গতকাল (শুক্রবার) তার ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, তেল আবিবে তার দেশের দূতাবাসকে লিয়াজোঁ অফিসে পরিণত করা হয়েছে যেখানে সামান্য কিছু কাজ হবে এবং নতুন কোনো রাষ্ট্রদূত পাঠানো হবে না। গত বছরের মে মাসে তেল আবিব থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠায় কেপটাউন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হতাযজ্ঞের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রদূত ডেকে পাঠায়।
ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের হত্যা-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ২০১৭ সালের জাতীয় সম্মেলন থেকে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিল এএনসি। সে সময় সিদ্ধান্ত হয় যে, ইসরাইলে দূতাবাস না রেখে একটি লিয়াজোঁ অফিস রাখবে দক্ষিণ আফ্রিকা সরকার। সে সময় এএনসি আরো বলেছিল, মানবাধিকার ও আন্তর্জাতিক লঙ্ঘনের জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/এআর/৬