সিরিয়ার উত্তর-পূর্ব অংশের ওপর দামেস্ককেই নিয়ন্ত্রণ নিতে হবে: রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাসহ ইউফ্রেটিস নদীর পূর্ব অংশের ওপর দেশটির সাংবিধানিক সরকারের নিয়ন্ত্রণ নেয়া উচিত। মার্কিন মদদপুষ্ট কুর্দি সন্ত্রাসীরা বর্তমানে এসব এলাকা নিয়ন্ত্রণ করছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্ব এবং ইউফ্রেটিস নদীর পূর্ব অংশের ওপর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটি অবিলম্বে সমাধান করতে হবে।
রাশিয়ার এ শীর্ষস্থানীয় কূটনীতিক সিরিয়ার সীমান্ত এলাকার পাশাপাশি তুরস্কের নিরাপত্তার স্বার্থে কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসার ওপর গুরত্বারোপ করেছেন। আমেরিকা মদদপুষ্ট দামেস্কের সরকার বিরোধী কথিত কুর্দি ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। এর সঙ্গে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দি প্রতিরক্ষা ইউনিট বা ওয়াইপিজি সন্ত্রাসীরাও জড়িত রয়েছে।
তুরস্ক ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ১৯৮৪ সাল থেকে একটি স্বায়ত্বশাষিত কুর্দি এলাকা প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াইপিজির সন্ত্রাসীরা তুর্কি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। একটি স্বায়ত্বশাসিত কুর্দি এলাকা প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়ার কুর্দি জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছে আমেরিকা। তবে দামেস্ক সরকার তা প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮