আদালতে হাজিরা: কথা রাখেন নি জেনারেল মুশাররফ
-
জেনারেল পারভেজ মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি স্থগিত করেছে দেশটির বিশেষ আদালত। আজ (বৃহস্পতিবার) তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানি হওয়ার কথাছিল। কিন্তু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি ওই শুনানি পবিত্র রমজানের শেষ পর্যন্ত স্থগিত চেয়ে আবেদন করেন। একইসঙ্গে তিনি আদালতে হাজির হন নি।
সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারার অধীনে জেনারেল মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় তার জবানবন্দী রেকর্ড করার কথা ছিল আজ। গত ১ এপ্রিল বিশেষ আদালতের প্রতি সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
নির্দেশনা অনুযায়ী আজ জেনারেল মুশাররফের আত্মসমর্পণ করে আদালতে হাজির হওয়ার কথা ছিল এবং তার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি হাজির হতে ব্যর্থ হয়েছেন। অথচ তার আইনজীবী সালমান সাফদার গত ২৮ এপ্রিল ইসলামাবাদে সাংবাদিকদের বলেছিলেন, ১ মে জেনারেল মুশাররফ দেশে ফিরবেন এবং ২ মে আদালতে হাজির হবেন।
তবে তার অনুপস্থিতিতেও ১৯৭৩ সালের রাষ্ট্রদ্রোহিতা আইনের ৯ নম্বর ধারার অধীনে বিচার করার ক্ষমতা আছে বিশেষ আদালতের।
জেনারেল পারভেজ মুশাররফ দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ২০১৬ সালে তিনি দেশ ছেড়েছেন, এরপর আর ফিরে আসেন নি।#
পার্সটুডে/এসআইবি/২