ইরানকে নিয়ে হোয়াইট হাউজে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই: ট্রাম্পের দাবি
https://parstoday.ir/bn/news/world-i70503-ইরানকে_নিয়ে_হোয়াইট_হাউজে_অভ্যন্তরীণ_দ্বন্দ্ব_নেই_ট্রাম্পের_দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে সমর্থন করে কথা বলেছেন। মার্কিন সরকারের ইরান নীতি নিয়ে হোয়াইট হাউজের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্প তার এ অবস্থান ঘোষণা করলেন। ওই দ্বন্দ্বের জের ধরে জন বোল্টনকে সরিয়ে দেয়া হতে পারে বলেও কোনো কোনো মার্কিন গণমাধ্যম খবর দিয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৯ ০১:৫৯ Asia/Dhaka
  • জন বোল্টন (বামে), ডোনাল্ড ট্রাম্প, মাইক পম্পেও (ডানে)
    জন বোল্টন (বামে), ডোনাল্ড ট্রাম্প, মাইক পম্পেও (ডানে)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে সমর্থন করে কথা বলেছেন। মার্কিন সরকারের ইরান নীতি নিয়ে হোয়াইট হাউজের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্প তার এ অবস্থান ঘোষণা করলেন। ওই দ্বন্দ্বের জের ধরে জন বোল্টনকে সরিয়ে দেয়া হতে পারে বলেও কোনো কোনো মার্কিন গণমাধ্যম খবর দিয়েছিল।

ট্রাম্প শনিবার ওয়াশিংটনে রিয়াল এস্টেট ব্যবসায়ীদের এক সম্মেলনে বলেন, “মাইক পম্পেও দারুণ কাজ করছেন, বোল্টন দারুণ কাজ করে যাচ্ছেন।” তিনি গণমাধ্যমকে আক্রমন করে বলেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতির ব্যাপারে বোল্টন ও পম্পেও’র মধ্যে তীব্র মতপার্থক্য চলছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

ট্রাম্প বলেন, তারা (গণমাধ্যম) একথা বোঝাতে চায় যে, আমি আমার সহযোগীদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছি। কিন্তু আমি আমার সহযোগীদের প্রতি ক্ষুব্ধ নই। আমি নিজেই আমার সিদ্ধান্ত নিয়ে থাকি।”

মধ্যপ্রাচ্যে সম্প্রতি অন্তত একটি বিমানবাহী রণতরী পঠিয়েছে আমেরিকা

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে উত্তজনা কমানোর চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা উত্তেজনা বাড়াচ্ছি এবং আমরা সংঘাত চাইছি বলে যে খবর ছড়ানো হচ্ছে তা হোয়াইট হাউজের জন্য হতাশাজনক। এসব কথার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা উত্তেজনা কমানোর চেষ্টা করছি।”

সম্প্রতি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজের সামরিক উপস্থিতি জোরদার করলেও দেশটির সঙ্গে যুদ্ধ হবে না বলে ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে উল্লেখ করছেন। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রশাসনকে ইরানের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।