ইরান পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি আজ
-
মার্কিন কংগ্রেস
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে আজ (মঙ্গলবার) শুননি হবে। এতে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ও সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। আজ আরো পরে এ শুনানি অনুষ্ঠানের কথা রয়েছে।
এরইমধ্যে ইরান পরিস্থিতি নিয়ে আমেরিকার কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা ও কংগ্রেসের নেতাকে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি সবসময় ট্রাম্পের ইরান-বিরোধী নীতি সমর্থন করে আসছেন।
গ্রাহাম তার টুইটার পেইজে দাবি করেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে ইরান অন্য দেশের পাইপলাইন ও জাহাজে হামলা চালিয়েছে এবং ইরাকে মার্কিন স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করেছে। যদি ইরানিরা আমেরিকার সেনাবাহিনী ও স্বার্থের ওপর হামলা চালায় তাহলে ইরানকে গুঁড়িয়ে দেয়ার মতো সামরিক জবাব দিতে হবে।” এমন পরিস্থিতিতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।