৩ বছর পর নাসার বিজ্ঞানীকে মুক্তি দিল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i70804-৩_বছর_পর_নাসার_বিজ্ঞানীকে_মুক্তি_দিল_তুরস্ক
তিন বছর আটক রাখার পর নাসার সাবেক বিজ্ঞানী সারকান গোলজকে মুক্তি দিয়েছে তুরস্ক সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৯ ১০:২৪ Asia/Dhaka
  • নাসার সাবেক বিজ্ঞানী সারকান গোলজ
    নাসার সাবেক বিজ্ঞানী সারকান গোলজ

তিন বছর আটক রাখার পর নাসার সাবেক বিজ্ঞানী সারকান গোলজকে মুক্তি দিয়েছে তুরস্ক সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে যখন আমেরিকা ও তুরস্কের মধ্যে চরম টানাপড়েন চলছে তখন নাসার বিজ্ঞানীর মুক্তির খবর বের হলো। আমেরিকা তুর্কি সরকারের এ পদক্ষেপকে গতকাল (বুধবার) স্বাগত জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মরগান ওরতেগাস বলেন, “নাসার বিজ্ঞানীকে মুক্তি দিয়ে সঠিক কাজটি করায় আমরা তুর্কি সরকারের প্রশংসা করছি। আমরা গোলজের মামলাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব।”

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় বিষয় নিয়ে টেলিফোনে কথা বলার একদিন পরই নাসার বিজ্ঞানীকে মুক্তি দেয়া হলো। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ৩৯ বছর বয়সী তুর্কি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সারকান গোলজকে তুরস্ক থেকে আটক করা হয়। সে সময় তিনি পরিবারের সঙ্গে দেখা করার জন্য তুরস্ক সফর করছিলেন।  

সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে চলতি বছরের গোড়ার দিকে প্রাথমিকভাবে গোলজ দোষী সাব্যস্ত হন এবং তাকে সাড়ে সাত বছর কারাদণ্ড দেয়া হয়। পরে একটি আপিল আদালত তার সাজার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করে। আমেরিকায় স্বেচ্ছায় নির্বাসনে থাকা ফতেহউল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে নাসার এ বিজ্ঞানীর সম্পর্ক রয়েছে বলে আদালত জানিয়েছে।#

পাসটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।