জো রুটের সেঞ্চুরিতে ওয়েস্টইন্ডিজকে সহজেই হারাল ইংল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i71205-জো_রুটের_সেঞ্চুরিতে_ওয়েস্টইন্ডিজকে_সহজেই_হারাল_ইংল্যান্ড
জো রুটের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিল ইংল্যান্ড। অন্যদিকে সমান চার ম্যাচে এক জয়, দুই পরাজয় আর এক ড্র নিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকবে উইন্ডিজরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৪, ২০১৯ ১৮:৩৮ Asia/Dhaka
  • সেঞ্চুরি উদযাপন করছেন জো রুট
    সেঞ্চুরি উদযাপন করছেন জো রুট

জো রুটের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিল ইংল্যান্ড। অন্যদিকে সমান চার ম্যাচে এক জয়, দুই পরাজয় আর এক ড্র নিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকবে উইন্ডিজরা।

আজ (শুক্রবার) সাউদাম্পটনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে উইন্ডিজরা তোলে ২১২ রান। জবাবে, ৩৩.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ইংলিশরা।

ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম আর চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ইংলিশ ওপেনার জো রুট। তার আগে বল হাতে দুই উইকেটও তুলে নেন তিনি। ম্যাচ সেরাও নির্বাচিত হন জো রুট।

উইন্ডিজের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন এভিন লুইস এবং ক্রিস গেইল। ব্যক্তিগত ২ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড হন লুইস। গেইল করেন ৩৬ রান। তার ৪১ বলের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। শাই হোপ ১১ রান করে সাজঘরে ফেরেন। চার নম্বরে নেমে ফিফটির দেখা পান নিকোলাস পুরান। ৪৮ বলে চারটি বাউন্ডারিতে ৩৯ রান করে বিদায় নেন শিমরন হেটমায়ার।

দলপতি জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আন্দ্রে রাসেল দ্রুত রান তুলতে গিয়ে বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে। তার ১৬ বলের ইনিংসে ছিল একটি চার আর দুটি ছক্কা। ইনিংসের ৪০তম ওভারে জোফরা আর্চার ফিরিয়ে দেন ৬৩ রান করা নিকোলাস পুরানকে। বিদায়ের আগে ৭৮ বলে তিনটি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান তিনি। পরের বলেই আর্চার ফিরিয়ে দেন শেলডন কটরেলকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে সেটি করতে পারেননি আর্চার। কার্লোস ব্রাথওয়েট ১৪ রান করেন। ওশানে থমাস, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল কোনো রানই করতে পারেননি।

জোফরা আর্চার, মার্ক উড তিনটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট দখল করেন জো রুট। একটি করে উইকেট পান ক্রিস ওকস এবং লিয়াম প্লাংকেট।

জো রুট ও ক্রিস গেইল

২১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ের উদ্বোধনে নামেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জো রুট। ১৪.৪ ওভারে ওপেনিং জুটি ভাঙার আগে তারা তুলে নেন ৯৫ রান। শ্যানন গ্যাব্রিয়েলের বলে কার্লোস ব্রাথওয়েটের তালুবন্দি হওয়ার আগে বেয়ারস্টো করেন ৪৫ রান। তার ৪৬ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারির মার।

এরপর জুটি গড়েন আরেক ওপেনার জো রুট এবং ক্রিস ওকস। এই জুটিতে আসে ১০৪ রান। ইনিংসের ৩২তম ওভারে বিদায় নেন ক্রিস ওকস। গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরার আগে করেন ৪০ রান। তার ৫৪ বলে সাজানো ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো জো রুট উইন্ডিজদের বিপক্ষেও সেঞ্চুরি হাঁকান। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১, পাকিস্তানের বিপক্ষে ১০৭ আর বাংলাদেশের বিপক্ষে ২১ রান করা জো রুট ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির দেখা পান। ৯৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গত বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে শতক পাওয়া রুট। ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার আগে রুট ৯৪ বলে ১১টি চারের সাহায্যে করেন অপরাজিত ১০০ রান। ৬ বলে দুই চারে ১০ রান করে অপরাজিত থাকেন বেন স্টোকস।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪