দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড
-
সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন
অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কিউইরা। অন্যদিকে আজকের হারের ফলে ছয় ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে শেষ চারের দৌড়ে অনেকটাই ছিটকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
এজবাস্টনে অনুষ্ঠিত খেলায় আগে ব্যাট করে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪১ রান করে তারা। দলীয় ৯ রানেই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পরে দলটি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়ে দলের হাল ধরেন হাশিম আমলা। গড়েন ৫০ রানের জুটি। কিন্তু রানের গতি সে অর্থে বাড়াতে পারেননি। এরপর ডু প্লেসি বিদায় নিলে এইডেন মার্করামকে নিয়ে ৫২ রানের আরও একটি ভালো জুটি গড়েন আমলা। কিন্তু এ জুটিও রানের গতি বাড়াতে পারেনি।
পঞ্চম উইকেট জুটিতে অবশ্য কিছুটা খোলস ছেড়ে বেড়িয়ে আসার চেষ্টা করে দলটি। ৭৪ বলে ৭৪ রানের জুটি গড়েন ভ্যান ডার ডুসান ও ডেভিড মিলার। তবে এ জুটি ভাঙার পর খুব বেশি আগাতে পারেনি দলটি। ফলে নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেটে ২৪১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন ডুসেন। ৬৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ৮৩ বলে ৪টি চারের সাহায্যে ৫৫ রান করেন আমলা। এছাড়া মার্করাম ৩৮ ও মিলার ৩৬ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে ৫৯ রানের খরচায় ৩টি উইকেট নেন লোকি ফার্গুসন। এছাড়া, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোম ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট লাভ করেন।
২৪২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১২ রানেই কলিন মুনরোকে হারিয়ে চাপে দলটি। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার মার্টিন গাপটিলকে নিয়ে সে চাপ সামলে নেন অধিনায়ক উইলিয়ামসন। গড়েন ৬০ রানের জুটি। এরপর হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন গাপটিল। এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নিলে দারুণভাবেই ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৩৭ রানে কিউইদের পাঁচ ব্যাটসম্যানকে ফেরালে জয়ের স্বপ্ন দেখতে থাকে দলটি। কিন্তু ষষ্ঠ উইকেটে কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে সে স্বপ্ন ফিকে করে দেন উইলিয়ামসন। এ দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে ৯১ রান যোগ করেন। সবচেয়ে বড় কথা উইকেটে নেমেই বেশ মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন গ্রান্ডহোম। তাকে ফিরিয়ে ম্যাচে বেশ রোমাঞ্চ ছড়িয়েছিলেন পেসার লুঙ্গি এনডিগি। কিন্তু উইলিয়ামসনের প্রতিরোধে তা যথেষ্ট হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য।
১০৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন উইলিয়ামসন। ১৩৮ বলের এ ইনিংস ৯টি চারের সঙ্গে রয়েছে ১টি ছক্কা। ৪৭ বলে ৬০ রানের কার্যকরী ইনিংস খেলেন গ্রান্ডহোম। এছাড়া গাপটিল ৩৫ ও জেমস নিশাম ২৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দারুণ বোলিং করেছেন ক্রিস মরিস। ৪৯ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট।
নিউজিল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।