নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i71700-নিউজিল্যান্ডকে_উড়িয়ে_বিশ্বকাপের_সেমিফাইনালে_ইংল্যান্ড
চলমান বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। গতবারের রানার্সআপদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল স্বাগতিকরা। ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। সেমিতে যেতে উইলিয়ামসনদের এখন তাকিয়ে থাকতে হবে ৫ জুলাই, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের দিকে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৩, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka
  • নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

চলমান বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। গতবারের রানার্সআপদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল স্বাগতিকরা। ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। সেমিতে যেতে উইলিয়ামসনদের এখন তাকিয়ে থাকতে হবে ৫ জুলাই, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের দিকে।

চেস্টার লি স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে ৩০৬ রানের লক্ষ্য তাড়ায় ৫ ওভার বাকি থাকতে ১৮৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তবে, শেষ চারে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের সঙ্গী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ডই। নেট রাট রেটে তাদের পেছনে ফেলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে অন্তত ৩১৬ রানে হারাতে হবে পাকিস্তানকে।

টস জিতে ব্যাট করতে নেমে টানা দ্বিতীয় ম্যাচে শতরানের উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। তারা দুজনে ১২৩ রান তুলে নেন। ৬১ বলে আটটি চারের সাহায্যে ৬০ রান করে বিদায় নেন জেসন রয়। বেয়ারস্টো টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। ৯৯ বলে ১৫টি চার আর একটি ছক্কায় করেন ১০৬ রান। তিন নম্বরে নেমে জো রুট করেন ২৪ রান।

জস বাটলার ব্যক্তিগত ১১ রানে বিদায় নেন। দলপতি ইয়ন মরগান ৪০ বলে পাঁচ বাউন্ডারিতে করেন ৪২ রান। বেন স্টোকসের ইনিংস সমাপ্তি হয় ১১ রানে, ক্রিস ওকস ফেরেন ৪ রানে।  লিয়াম প্লাংকেট ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন, আদিল রশিদ শেষ ওভারে বিদায়ের আগে ১২ বলে করেন ১৬ রান

বোল্ট, হেনরি ও নেশাম দুইটি করে উইকেট নেন। সান্টনার ও সাউদি নেন একটি করে উইকেট।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো

৩০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ৮ আর হেনরি নিকোলস ০ রানে বিদায় নেন। দলপতি কেন উইলিয়ামসন ৪০ বলে ২৭ রান করে বিদায় নেন। অভিজ্ঞ রস টেইলর ৪২ বলে করেন ২৮ রান। টম ল্যাথাম ৬৫ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৫৭ রান। জিমি নিশামের ব্যাট থেকে আসে ১৯ রান। কলিন ডি গ্রান্ডহোম (৩) বেশিদূর যেতে পারেননি। মিচেল স্যান্টনারও ১২ রানে ফেরেন। টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টরা টানতে পারেননি।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার মার্ক উড। এই পেসার ৯ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ ও বেন স্টোকস

সেঞ্চুরি করে আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।