তেহরান সফরের আগ্রহ প্রকাশ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও
-
ইরানের রাজধানী তেহরানের একটি দৃশ্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে তার দেশের নীতি বর্ণনা করার জন্য তেহরান সফরের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি আজ (শুক্রবার) সকালে মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন।
পম্পেও বলেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কে ইরানি জনগণকে অবহিত করার জন্য তেহরান সফরে যেতে চাই।
এর আগে নয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বুধবার দাবি করেছিলেন, ওয়াশিংটন যেকোনো সময় তেহরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
মার্কিন কর্মকর্তারা এমন সময় ইরান সফরে আসতে বা তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করছেন যখন আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি স্পষ্ট করে বলেছেন, চাপের মুখে পেশিশক্তির কাছে আত্মসমর্পন করবে না তার দেশ। ইরান আলোচনার নামে ‘আত্মসমর্পনের’ টেবিলে বসবে না।#
পার্সটুডে/এমএমআই/২৬