কাশ্মির ইস্যু: টুইটারে শাহিদ আফ্রিদি-গৌতম গাম্ভির দ্বন্দ্ব
জম্মু-কাশ্মিরের স্বায়ত্ত্বশাসনের মর্যাদা কেড়ে নেয়া এবং ভারতের সঙ্গে একীভূত করা নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি এবং ভারতের খ্যাতিমান ব্যাটসম্যান গৌতম গাম্ভির দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আফ্রিদি একটি পোস্ট দেয়ার পর দুজনের মধ্যে এ দ্বন্দ্ব শুরু হয়। ৩৭ বছর বয়সী গাম্ভির বর্তমানে নরেন্দ্র মোদির দল বিজেপি থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য।
আফ্রিদি তার পোস্টে লিখেছেন, “জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে কাশ্মিরের জনগণের অধিকার দিতে হবে। আমাদের সবার মতো স্বাধীনতার অধিকার দিতে হবে।” তিনি আরো লিখেছেন, “জাতিসংঘের সৃষ্টি হয়েছিল কেন এবং কেনই বা সে ঘুমাচ্ছে? বিনা উসকানিতে কাশ্মিরে আগ্রাসন এবং কাশ্মিরে মানবতা-বিরোধী অপরাধকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।”
আফ্রিদির এ পোস্টের পরপরই গৌতম গাম্ভির দ্রুত পাল্টা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, “বন্ধুরা, শাহিদ আফ্রিদি ময়দানে নেমেছেন। সেখানে বিনা উসকানিতে আগ্রাসন চলছে, মানবতা-বিরোধী অপরাধও চলছে। বিষয়গুলো তুলে ধরার জন্য হাততালি দেয়া উচিত। তবে একটি জিনিস তিনি বলতে ভুলে গেছেন, সেটি হচ্ছে এসবই ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে। চিন্তার কোনো কারণ নেই, আমরা শিগগিরি তা ঠিক করে দেব।”
গৌতম গাম্ভির গত ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বিজেপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও শাহিদ আফ্রিদির সঙ্গে অনলাইনে রাজনৈতিক ইস্যুতে তার বিতর্ক হয়েছে। গত বছর আফ্রিদি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।#
পার্সটুডে/এসআইবি/৭