ইরাক-সিরিয়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা
মার্কিন বিমান বাহিনী বলেছে, ইরাক এবং সিরিয়ায় কথিত দায়েশ বিরোধী হামলায় বি-৫২ বোমারু বিমান তারা ব্যবহার করছে। এতে দেশ দু’টিতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা জোরদার হচ্ছে।
মার্কিন সেনা কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, ইরাকি শহর কাইইয়ারাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অস্ত্রগুদাম ধ্বংসের জন্য বুধবার বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছিল। এ শহরটি মসুল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
তিনি আরো দাবি করেছেন, এ বিমান দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হচ্ছে। আর এ বক্তব্যের মধ্য দিয়ে বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকাকে নাকচ করতে চাইছেন মার্কিন এ সেনা মুখপাত্র।
১৯৬০ এবং ১৯৭০’এর দশকে ভিয়েতনাম যুদ্ধে নির্বিচারে বোমাবর্ষণ করতে বি-৫২ ব্যবহার করেছে আমেরিকা। সে দিকে ইঙ্গিত করেই সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার বিষয়টি তুলে ধরেন তিনি।#
মূসা রেজা/২১