কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করতে পাকিস্তানিদের প্রতি ইমরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i74260-কাশ্মীরের_নিয়ন্ত্রণ_রেখা_অতিক্রম_না_করতে_পাকিস্তানিদের_প্রতি_ইমরানের_আহ্বান
পাকিস্তানি জনগণকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ১৪:৪৭ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানি জনগণকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি এক টুইটে বলেছেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের জনগণের বিরুদ্ধে কারফিউ দুই মাস পার হয়ে গেছে।কাশ্মীরিরা অমানবিক অবস্থার মুখোমুখি। তাদের এই কষ্টে আজাদ কাশ্মীরের জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়টি আমি বুঝতে পারি। তাই বলে আজাদ কাশ্মীর থেকে মানবিক সহায়তা নিয়ে বা কাশ্মীরের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে লড়াই করতে নিয়ন্ত্রণ রেখা কেউ অতিক্রম করলে তা ভারতের প্রচারণায় ভূমিকা রাখবে। 
ইমরান খান ভারতের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলেন, কাশ্মীরিদের জাতিগত লড়াই থেকে বিশ্বের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায় ভারত। তারা কাশ্মীরিদের বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে। আর এটাকে পাকিস্তান পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাস বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। তাই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করলে ভারতের হাতে একটি ইস্যু বা অজুহাত তুলে দেয়া হবে। তারা কাশ্মীরিদের বিরুদ্ধে নিষ্পেষণ বৃদ্ধি করবে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অবরুদ্ধ জনগণের প্রতি সংহতি প্রকাশ করে স্বাধীনতাপন্থী জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট মুজাফফরবাদে শুক্রবার বিক্ষোভ করে। এতে যোগ দেয় হাজার হাজার মানুষ। এরপরই নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের বিষয়ে সতর্ক করলেন ইমরান খান।#

পার্সটুডে/এসএ/৬   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।