হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করুন: ইউরোপের প্রতি মার্কিন দূত
https://parstoday.ir/bn/news/world-i76272-হিজবুল্লাহকে_কালো_তালিকাভুক্ত_করুন_ইউরোপের_প্রতি_মার্কিন_দূত
জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন রিচার্ড গ্রেনেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১১:০৫ Asia/Dhaka
  • ইরাকের কাতাইব হিজবুল্লাহর সদস্যদের ফাইল ফটো
    ইরাকের কাতাইব হিজবুল্লাহর সদস্যদের ফাইল ফটো

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন রিচার্ড গ্রেনেল।

তিনি গতকাল (শনিবার) এক টুইটার পোস্টে বলেছেন, এখন ইউরোপীয় দেশগুলোর উচিত জার্মান সংসদকে অনুসরণ করা এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা।

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের কে-ওয়ান সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন বেসামরিক ঠিকাদার নিহত এবং কয়েকজন ইরাকি ও মার্কিন সেনা আহত হওয়ার একদিন পর রিচার্ড গ্রেনেল টুইটারে এ পোস্ট দিলেন। হামলার পর আমেরিকার একজন কর্মকর্তা সিএনএন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এই হামলার সঙ্গে ইরাকের কাতাইব হিজবুল্লাহ জড়িত কিনা, ওয়াশিংটন তা পর্যালোচনা করে দেখছে। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির একটি অংশ হচ্ছে কাতাইব হিজবুল্লাহ। স্বেচ্ছাসেবী সংগঠনটি ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় সরকারি বাহিনীকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছিল।

রকেট হামলার ফাইল ফটো

মার্কিন ওই কর্মকর্তা বলেন, “সম্প্রতি যে রকেট হামলা হয়েছে তার সাথে আগের আর দশটি রকেটের মিল রয়েছে এবং আমরা ধারণা করছি যে, এই সংগঠনের সাথে ইরাকের সরকারপন্থী স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির সম্পর্ক রয়েছে বিশেষ করে আমরা এই হামলার সঙ্গে ইরাকি হিজবুল্লাহর সম্ভাব্য যোগসাজশ খতিয়ে দেখছি।

এর আগে, শনিবার ইহুদিবাদী ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলায় যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, ২০০৯ সালে লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৯