আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পাক সেনাপ্রধান ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i77477-আঞ্চলিক_নিরাপত্তা_নিয়ে_পাক_সেনাপ্রধান_ও_তুর্কি_প্রতিরক্ষামন্ত্রীর_আলোচনা
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার দুই দিনের সফরে পাকিস্তানে আসেন এবং হুলুসি আকার তার সফরসঙ্গী ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১১:১৭ Asia/Dhaka
  • হুলুসি আকার (বামে) ও জেনারেল বাজওয়া
    হুলুসি আকার (বামে) ও জেনারেল বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার দুই দিনের সফরে পাকিস্তানে আসেন এবং হুলুসি আকার তার সফরসঙ্গী ছিলেন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে পাক সেনাপ্রধান তুর্কি প্রতিরক্ষামন্ত্রীকে জানান, তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ মূল্য দেয় ইসলামাবাদ। তুরস্ককে ভাই উল্লেখ করে জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তান সব সময় তুর্কি জনগণের পাশে থাকবে।

ইমরান খান (বামে) ও এরদোগানর বৈঠক

বৈঠকে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান যেভাবে তুরস্কের পাশে দাঁড়িয়েছে আঙ্কারাও সেভাবে ইসলামাবাদের পাশে দাঁড়াবে।

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বিদেশি সেনা কর্মকর্তাদেরকে আঞ্চলিক কৌশলগত নানা বিষয়ে ব্রিফ করেন। এসময় তিনি ভারত সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিও তুলে ধরেন।

যেসব বিদেশি সেনা কর্মকর্তা পাকিস্তানের কোয়েটা শহরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারাই গতকালের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। এসব সেনা কর্মকর্তা গতকাল রাওয়ালপিন্ডি শহরে অবস্থিত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন।#

পার্সটুডে/এসআইবি/১৫