এবার জাতিসংঘের মাধ্যমে ইরানকে ধরা হবে:পম্পেও’র বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/world-i77697-এবার_জাতিসংঘের_মাধ্যমে_ইরানকে_ধরা_হবে_পম্পেও’র_বাগাড়ম্বর
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করেছেন। তিনি বলেছেন, ইরানকে প্রতিহত করার জন্য তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ওয়াশিংটন ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ০৪:২১ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করেছেন। তিনি বলেছেন, ইরানকে প্রতিহত করার জন্য তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ওয়াশিংটন ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পম্পেও মার্কিন ম্যাগাজিন ওয়াশিংটন ফ্রি বিকন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গোটা পশ্চিম এশিয়ায় ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বহুমুখী প্রচেষ্টা শুরু করেছে। এরমধ্যে একটি পরিকল্পনা হচ্ছে, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা।

পম্পেও বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের পরমাণু সমঝোতার কফিনে শেষ পেরেকটি মারা সম্ভব হবে।তবে তিনি একথাও স্বীকার করেন যে, ইউরোপীয়রা এখনো ওই সমঝোতাকে সমর্থন করে এবং এক্ষেত্রে তারা ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি।

ইরানের একটি পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

জেসিপিওএ নামে খ্যাত ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানাবেন।

বর্তমানে ইরানের ওপর  আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তেহরানের ওপর জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হলে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে আবার নিরাপত্তা পরিষদে তুলতে হবে। এদিকে তেহরান কঠোর ভাষায় হুমকি দিয়ে রেখেছে যে, সেদেশকে আবার নিরাপত্তা পরিষদে নেয়া হলে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।