করোনাভাইরাস: এবারে বিদেশি যাত্রীদের কোয়ারেন্টাইন করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i78319-করোনাভাইরাস_এবারে_বিদেশি_যাত্রীদের_কোয়ারেন্টাইন_করবে_চীন
চীন থেকে উৎপন্ন হওয়া করোনাভাইরাস যাতে বিদেশ ঘুরে আবার চীনে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে বিদেশ থেকে যাওয়া সব যাত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইন করে রাখা হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৬, ২০২০ ০৬:০৩ Asia/Dhaka
  • এখন থেকে অনির্দিষ্টকালের জন্য বিদেশ থেকে বেইজিং পৌঁছালেই যেতে হবে কোয়ারেন্টাইনে
    এখন থেকে অনির্দিষ্টকালের জন্য বিদেশ থেকে বেইজিং পৌঁছালেই যেতে হবে কোয়ারেন্টাইনে

চীন থেকে উৎপন্ন হওয়া করোনাভাইরাস যাতে বিদেশ ঘুরে আবার চীনে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে বিদেশ থেকে যাওয়া সব যাত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইন করে রাখা হবে।

বেইজিং-এ বিদেশি যাত্রীদের আলাদা করে রাখার জন্য বিশেষ কিছু কেন্দ্র খোলা হয়েছে। আজ (সোমবার) থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে গতকাল চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে।  গত সপ্তাহ থেকে চীনে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করার পর বেইজিং নতুন এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করল।

প্রেসিডেন্ট শি জিনপিং

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ঘোষণা করেছেন, ইউরোপীয় দেশগুলোকে করোনাভাইরাস মোকাবিলার কাজে সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি রোববার ইউরোপীয় পরিষদ ও ইউরোপীয় কমিশনের প্রধানের কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে ইউরোপ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইউরোপীয়দের ‘গভীর সমবেদনা’ জানান।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

সারাবিশ্বে এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৭৪ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ হাজার ৮০০ ব্যক্তির মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।