করোনায় আক্রান্ত হলো নিউইয়র্কের ১ বাঘ, কাশছে ৩ বাঘ, ৩ সিংহ
https://parstoday.ir/bn/news/world-i78849-করোনায়_আক্রান্ত_হলো_নিউইয়র্কের_১_বাঘ_কাশছে_৩_বাঘ_৩_সিংহ
আমেরিকার নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ছাড়া, অপর তিন বাঘ এবং তিন সিংহ শুকনা কাশিতে ভুগছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২০ ০৮:৪৯ Asia/Dhaka
  • ব্রংস চিড়িয়াখানার ঢোকার পথ
    ব্রংস চিড়িয়াখানার ঢোকার পথ

আমেরিকার নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ছাড়া, অপর তিন বাঘ এবং তিন সিংহ শুকনা কাশিতে ভুগছে।

ব্রংসকে আমেরিকার অন্যতম বড় চিড়িয়াখানা হিসেব গণ্য করা হয়। এ ছাড়া, মার্কিন মহানগরীগুলোতে যে সব চিড়িয়াখানা রয়েছে তাদের মধ্যে ব্রংসেরটাই সবচেয়ে বড়।

ব্রংস চিড়িয়াখানার ব্যবস্থাপনায় রয়েছে মার্কিন বন্যপ্রাণী সংরক্ষণ সমাজ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, একজন কর্মীর মাধ্যমে এ সব প্রাণীর করোনা সংক্রমণ ঘটেছে। ওই কর্মী এ সব প্রাণীর তদারকির দায়িত্ব পালন করেন। তবে করোনার বাহক হলেও তার মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা যায় নি।

চার বছর বয়সী মালয়েশিয়ার বাঘিনী নাদিয়াকে পরীক্ষা করে কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তার বোন আজুল, দু’টি  আমুর বাঘিনী এবং আফ্রিকার তিন সিংহ শুকনা কাশিতে ভুগছে। অবশ্য, তাদের করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে কিনা তা নিয়ে পরিষ্কার কিছু জানা যায় নি।

আমুর বাঘ

বড় বিড়াল প্রজাতির এই ছয় প্রাণীরই খাবারের প্রতি টান কিছুটা কমলেও তারা সেরে উঠছে। পশু চিকিৎসকরা তাদের ওপর সব সময় নজর রাখছেন।

প্রাণীগুলো পুরোপুরি সেরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিড়িয়াখানার কর্মীরা।  তবে বাঘ বা সিংহের করোনায় আক্রান্ত হওয়ার  ঘটনা তাদের জানা নেই বলেও স্বীকার করেন। তারা বলেন,  এবারই প্রথম বাঘ করোনায় আক্রান্ত হলো।

এর আগে বেলজিয়াম এবং হংকংয়ে দু’টি বিড়াল করোনার শিকার হয়েছিল। পাশাপাশি কুকুরও এ রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে লোকসমাজে বিড়ালকে বাঘের মাসি বলার চল আছে। মনে হচ্ছে, মাসির পথ ধরে এবারে করোনার কবলে পড়ছে বাঘও।#

পার্সটুডে/মূসা রেজা/৬