জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান সংক্রান্ত অনলাইন বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i81092-জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদে_ইরান_সংক্রান্ত_অনলাইন_বৈঠক
ইরানের পরমাণু সমঝোতা থেকে সৃষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে ওই পরিষদে মঙ্গলবার এক জরুরি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এবং সেখানে সদস্য দেশগুলো ইরানের পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০২০ ০২:২৬ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান সংক্রান্ত অনলাইন বৈঠক

ইরানের পরমাণু সমঝোতা থেকে সৃষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে ওই পরিষদে মঙ্গলবার এক জরুরি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এবং সেখানে সদস্য দেশগুলো ইরানের পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়।

বৈঠকে জাতিসংঘ নিযুক্ত জার্মানির স্থায়ী প্রতিনিধি ক্রিস্টোফার হাসগেন পরমাণু সমঝোতাকে কূটনৈতিক অঙ্গনের সেরা সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, তিন ইউরোপীয় দেশ- জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার বিরোধী। তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাথন অ্যালেন পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ও তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার ক্ষেত্রে ইরানের পরমাণু সমঝোতা ছিল সেরা সমাধান।

রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার মার্কিন প্রচেষ্টার সমালোচনা করে বৈঠকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমেরিকা ইরানবিরোধী একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে প্রমাণ করেছে, অন্য কারো মতামতের কোনো মূল্য ওয়াশিংটনের কাছে নেই। কাজেই, আমেরিকার ইরানবিরোধী যেকোনো তৎপরতা রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধিও ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোর বিরোধিতা করেন।

বৈঠকে বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জওয়াদ জারিফ

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং তার ভিত্তিতে অনুমোদিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে।ওই খসড়া নিয়ে আলোচনা ছিল মঙ্গলবারের বৈঠকের অন্যতম উদ্দেশ্য।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।