যুদ্ধবিরতি বজায় রাখতে আবারো রুশ সাহায্য চাইল আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তার জন্য আবারো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার আলেপ্পো নগরীতে যখন প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি।
জেনেভায় জর্দানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ্’এর সঙ্গে বৈঠক শুরুর আগে এ আহ্বান জানান কেরি। প্রত্যাশা ব্যক্ত করে কেরি বলেন, মস্কোর সহায়তায় রুশ-মার্কিন মধ্যস্থতায় ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি সিরিয়ায় বজায় থাকবে।
তিনি বলেন, এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমেরিকা এ সময়ে রাশিয়ার সহযোগিতা চাইছে। সিরিয়া সরকার যেন রাশিয়ার কথা শোনে সে আশাও ব্যক্ত করেন কেরি।
জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় সিরিয়ার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। অবশ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্ত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং আন-নুসরা ফ্রন্টকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
দামেস্কের অনুরোধে গত সেপ্টেম্বর থেকে রুশ সামরিক বাহিনী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সিরিয় সেনাবাহিনী সহায়তা করছে। আলেপ্পোয় আত্মগোপন করে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে এ বাহিনী প্রচণ্ড অভিযান শুরু করেছে। আলেপ্পো অভিযান বন্ধে অন্তত একে সীমিত করার জন্য রাশিয়াক দিয়ে সিরিয়ার ওপর চাপ দিতে চাইছে আমেরিকা।#
মূসা রেজা/২