আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
-
জারিফ
নাগরনো-কারাবাখে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শনিবার) এক টুইটার পোস্টে বলেছেন, নাগরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত বন্ধের পদক্ষেপটি শান্তির পথে এক ধাপ অগ্রগতি।
জারিফ আরও লিখেছেন, “ইরান চায় প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নিক।”
এ সময় তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গঠনমূলক চেষ্টা ও ভূমিকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।
নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে মস্কোতে দীর্ঘ ১০ ঘণ্টার ম্যারাথন আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ স্থানীয় সময় ভোর তিনটার কিছু আগে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান এখন পরবর্তী আলোচনা শুরু করবে।
মস্কোতে সই হওয়া শান্তিচুক্তি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর বন্দি বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হবে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।