ইসরাইলি হামলার জবাব দেব: হামাস নেতা হানিয়া
ইহুদিবাদী ইসরাইলের টানা তিনদিনের বিমান হামলার জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজার ওপর ইসরাইলি বিমান হামলা মোটেই সহ্য করা হবে না।
ইসমাইল হানিয়া আজ (শুক্রবার) বলেছেন, “কোনো অবস্থাতেই আমরা ইসরাইলি আগ্রাসন মেনে নিতে পারি না।” তিনি পরিষ্কার করে বলেন, হামাস ইসরাইলের সঙ্গে নতুন যুদ্ধ চায় না তবে তেল আবিব আগ্রাসন অব্যাহত রাখলে জবাব দেবে হামাস। অবরুদ্ধ গাজায় ইসমাইল হানিয়া হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, ইসরাইলকে এক্ষুণি সামরিক উসকানি বন্ধ করতে হবে অন্যথায় প্রাণঘাতী জবাব দেবে হামাস। ইসরাইলি হামলার পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলেও ঘোষণা করেছে কাসসাম ব্রিগেড।#
সিরাজুল ইসলাম/৬