ইউরো ২০২০: জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
-
দুর্দান্ত জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল ইংল্যান্ড
ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং ও অধিনায়ক হ্যারি কেইন।
মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ইংল্যান্ড শিবিরে ভয় ধরিয়ে দেয় জার্মানি। ম্যাচের তৃতীয় মিনিটে জোসুয়া কিমিখের বাই লাইন ক্রস হেডের মাধ্যমে সামাল দেন কাইল ওয়াকার। এ যাত্রায় বেঁচে যায় ইংলিশরা।
অবশ্য ১৩তম মিনিটে ছোট একটি সুযোগ পায় ইংল্যান্ড। জার্মানির কর্ণার পতাকার কাছ থেকে বুকায়ো সাকা ফ্রি-কিক নিলে অ্যান্তোনিও রুডিকার ক্লিয়ার করে দেন। পরে ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ আসে ইংল্যান্ডের। তবে কিয়েরান ট্রিপিয়েরের ক্রস থেকে হ্যারি ম্যাগুইর গোলে পরিণত করতে পারেননি।
৩৩তম মিনিটে লিড নেওয়ার সুযোগ আসে জার্মানি শিবিরে। কাই হাভার্টজ টিমো ভার্নার দিকে বক্সের ভেতর বল ঠেলে দিলে শট নেন চেলসি তারকা। তবে দারুণভাবে সেভ করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিং দৌড়ে বল নিয়ে পাস দেন কেইনের দিকে। তবে তার নিয়ন্ত্রণহীন পাস সাকার দিকে গেলেও প্রতিপক্ষের ডিফেন্ডাররা সহজেই ক্লিয়ার করে দেন।
ম্যাচের দ্বিতীয়াধে আক্রমণের ধার বাড়া ঘরের মাঠে খেলতে নামা ইংল্যান্ড। এরই সুবাদে খেলার ৭৫তম মিনিটে স্টার্লিংয়ের গোলে লিড নেয় দলটি। দলীয় আক্রমণ থেকে কেইন জ্যাক গ্রিলিশকে দেন। গ্রিলিশ লুক শ’র দিকে বল ঠেলে দিলে তিনি স্টার্লিংকে পাস করেন। আর সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী ইংলিশরা ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে। লুক শ’র পাস জ্যাক গ্রিলিশ পেলে তিনি কেইনের দিকে চিপ করে ক্রস করেন। সেখান থেকে হেডের মাধ্যমে জালে জড়ান এই টটেনহ্যাম তারকা।
খেলার বাকি সময় দুদল বেশ কয়েকটি চেষ্টা করলেও আর গোল হয়নি। ফলে অসাধারণ জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর এই প্রথম মেজর কোনো টুর্নামেন্টে জার্মানদের বিপক্ষে জয়ের দেখা পেল ইংলিশরা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।