'ভিয়েতনামের পর আফগানিস্তানেও হেরে গেল আমেরিকা'
https://parstoday.ir/bn/news/world-i94444-'ভিয়েতনামের_পর_আফগানিস্তানেও_হেরে_গেল_আমেরিকা'
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক। আপনাদের বিশ্ব সংবাদে শুনলাম আফগান এক কমান্ডারের তথ্য মতে, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে রাতের আঁধারে আমেরিকান সৈন্যরা কাউকে না জানিয়ে পালিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১১, ২০২১ ১৩:৫১ Asia/Dhaka
  • 'ভিয়েতনামের পর আফগানিস্তানেও হেরে গেল আমেরিকা'

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক। আপনাদের বিশ্ব সংবাদে শুনলাম আফগান এক কমান্ডারের তথ্য মতে, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে রাতের আঁধারে আমেরিকান সৈন্যরা কাউকে না জানিয়ে পালিয়েছে।

কয়েকদিন আগেও গণমাধ্যমে খবর বেরিয়েছে, আফগানিস্তানের উত্তরে তালেবানের সাথে যুদ্ধরত প্রায় ১ হাজার আফগান সৈন্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে। তালেবানের অব্যাহত অগ্রযাত্রা ঠেকাতে আফগান সরকারি বাহিনী কতটা সক্ষম- এ ঘটনা থেকে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে এক টুইট বার্তায় বলেছিলেন, “মধ্যপ্রাচ্যর আইনশৃঙ্খলা রক্ষা এবং যুদ্ধের পেছনে আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা। আমাদের হাজার হাজার মহান সেনা মারা গেছে এবং আহত হয়েছেন। এর বিপরীতে লাখ লাখ সাধারণ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে যাওয়াটা আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম ভুল। আমরা সেখানে একটি মিথ্যা এবং ভুল প্রেক্ষাপটে যুদ্ধে গিয়েছি। ইরাকে কোন গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না। আমরা এখন ধীরে ধীরে এবং অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সেনাদেরকে দেশে ফিরিয়ে আনছি। বড় কোনো দৃশ্যপটে আমরা গুরুত্ব দিচ্ছি। আমেরিকা আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী।"

সত্য কখনও ছাই চাপা থাকে না এবং ডোনাল্ড ট্রাম্প আর যাই করুন অকপটে এ চরম সত্যটি স্বীকার করার জন্য ধন্যবাদ পেতেই পারেন। ভিয়েতনামের যুদ্ধে আমেরিকা ত্রিশ বছর যুদ্ধ করে হেরেছিল, আফগানিস্তানেও বিশ বছর যুদ্ধ করে প্রকান্তারে হেরে গেল। আসলে আমেরিকা পৃথিবীর সর্বত্র বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে কিন্তু আফগানিস্তান ও ইরাকের চোরাবালিতে হাবুডুবু খেয়ে মার্কিনীদের সবেমাত্র বোধোদয় হয়েছে! তবে তালেবানদের সাম্প্রতিক উত্থান সবাইকে ভাবিয়ে তুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শান্তির জন্য আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনী তালেবানকে হটানোর জন্য আক্রমণ করেছিল, সেই শান্তি কি অধরাই থেকে যাবে?

 

মো. জিল্লুর রহমান

ব্যাংকার ও মুক্তমনা কলামিস্ট,

সতিশ সরকার রোড  গেন্ডারিয়া, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।